প্রকাশিত হলো সুধাংশু কুমার রায় ও অসীম কুমার মুখোপাধ্যায় সম্পাদিত "নটনিকেতনের নির্বাচিত পাঁচটি নাটক "
সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ
বাংলা থিয়েটারের ইতিহাসে " বঙ্গ নাটক " অথবা "গ্রুপ থিয়েটার " চিরকালই একটা প্রান্তিক শিল্প হিসাবে থেকে গেছে। খুব কষ্টের সাথে অর্থ জোগাড় করে প্রায় অধিকাংশ নাট্যদল নিজেদের মতন করে নিজেরা নাটক করে চলেছে।এর পাশাপাশি কিছু প্রকাশনা নাটকের বইও প্রকাশ করেছে স্বেচ্ছায় নাটকের প্রচারের স্বার্থে। আমি থিয়েটার বা নাটক কে প্রান্তিক শিল্প এই কারণেই বললাম তার কারণ দর্শক যারা নাটক দেখেন বা ভালোবাসেন তারাই হলে টিকিট কেটে নাটক দেখেন। অনেক সময়ই হল ভর্তি হয় না, সব টিকিট বিক্রিও হয় না,থিয়েটারের বিজ্ঞাপন বা প্রচার এমনকি সিনেমার মতন বড় প্রযোজক নেই বলেই হয়তো নাটকের সে ভাবে প্রচার হয়না। তাই হয়তো থিয়েটার প্রান্তিক শিল্প হিসাবে থেকে গেছে। কিন্তু এটা সত্যি যে যত বড় অভিনেতা হোক বা আজ সিনেমায় যারা অনেকেই অভিনয় করেন তাদের অনেকের অভিনয়ের হাতেখড়ি এই থিয়েটার থেকে। তাই এই বিনোদন শিল্পর অন্যতম কান্ডারী কিন্তু নাটক। যা শহর থেকে গ্রাম বাংলার কোণায় কোণায় মানুষের অন্তরে আজও অক্ষয় হয়ে আছে। আর এর পাশাপাশি নাটকের বইয়েরপ্রচার ও প্রসার কিন্তু বেড়েছেএকমাত্র থিয়েটারের দল ও নাট্যপ্রেমীদের জন্য।
এই রাজ্যের গ্রুপ থিয়েটার আন্দোলনের যে ধারা বিকশিত হয়েছে, তার জয়পতাকা আরও ঊর্ধ্বে না হোক-অন্তত বহন করার ক্ষুদ্র প্রয়াস নিরলসভাবে চালিয়ে গেছে 'ত্রিবেণী নটনিকেতন'।
হুগলি জেলার এই নাট্যদল ৫০ বছর অতিক্রম করেছে।এই সংস্থার তিন নাট্যকর্মী সুধাংশু কুমার রায়, সুভাষ বন্দ্যোপাধ্যায় ও কমল রায়, যাঁদের কলমে একশত পঞ্চাশটিরও বেশি অভিনয়যোগ্য রচনা সৃষ্টি হয়েছে। যার মধ্যে শতাধিক পুস্তক আকারে ও বিভিন্ন নাট্যপত্রিকায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। 'নটনিকেতনের নির্বাচিত পাঁচটি নাটক' গ্রন্থটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বিষ্ণুপ্রিয়া প্রকাশনী থেকে। বিশেষ করে ত্রিবেণী নটনিকেতনের সুবর্ণজয়ন্তী বর্ষের বিভিন্ন অনুষ্ঠানেরই একটি অঙ্গর মধ্যে একটি হলো নাটকের বই প্রকাশ। এই বইতে যে ৫ টি নাটক আছে সেই গুলো হলো সুভাষ বন্দোপাধ্যায় এর নাটক স্রোতের উজানে, বৃত্তের বাইরে বৃত্ত, জীবন দেবতার রূপকথা। সুধাংশু কুমার রায় এর লেখা নাটক রাজা এবং কমল রায় এর লেখা নাটক নীড়। চয়নীয় সেই নাটক পাঁচটি বিভিন্ন সময়ে এই নাট্য সংস্থার প্রযোজনায় রাজ্য তথা বর্হিবঙ্গের বহু মঞ্চে পরিবেশিত হয়েছে এবং অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে। বইটির সাহিত্য ও নাট্যরসের ধারায় যদি পাঠককুলের অন্তরে সাবলীলভাবে অনুভূত হয় লোকশিক্ষার অ আ ক খ-তবেই এর সার্থকতা।
হুগলী জেলার 'ত্রিবেণী নটনিকেতন' নাট্যসংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষে 'নটনিকেতনের নির্বাচিত পাঁচটি নাটক' এই গ্রন্থটি সকল নাট্যকর্মী , নাট্যদল এমনকি যারা নিয়মিত থিয়েটার মঞ্চস্থ করেন মঞ্চে তাদের এই বই বিশেষ ভাবে সংগ্রহের যোগ্য। ওই নাট্যদলের নাট্যকর্মী সুধাংশু কুমার রায়, সুভাষ বন্দ্যোপাধ্যায় ও কমল রায়ের পাঁচটি অভিনয়যোগ্য রচনার সংকলন খুবই প্রশংসার যোগ্য। এই নাটকগুলো বিভিন্ন সময়ে এই রাজ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন মঞ্চে সাফল্যের সঙ্গে দীর্ঘদিন অভিনীত হয়েছে এবং অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে। তিন অভিজ্ঞ নট-নাট্যকার-পরিচালক কর্তৃক রচিত এই নাট্যগ্রন্থ বিভিন্ন সময়ের সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক রূপরেখার এক জীবন্ত দলিল। এতে নিহিত আছে রম্য-শ্লেষ ও প্রতীকী ব্যঞ্জনার সংমিশ্রণ, তীক্ষ্ণ সংলাপের সংযোজন, হাস্যরসের ভাণ্ডার, করুণ রসের ধারা এবং দ্বন্দ্বের প্রবল বিস্তার ও উত্তরণের দিশা। তবে নাটককারগণের কথাই শেষ নয়, শেষ কথনের বিচারক হলেন পাঠক বা দর্শক ।
এই ১৬৬ পাতার বইতে যে পাঁচটি নাটক রয়েছে সেই নাটকগুলো মঞ্চে মঞ্চস্থ হবার আনুমানিক সময় সীমা এক থেকে এক থেকে দেড় ঘণ্টা।
এই বইতে স্বপন দেবনাথ এর
প্রচ্ছদ, অপূর্ব ছাপা, নির্ভুল পরিবেশনা সকল থিয়েটার মোদিদের দৃষ্টি আকর্ষণ করবে। তাই এরকম সুন্দর বই
সম্পাদনা করার জন্য সুধাংশু কুমার রায় ও অসীম কুমার মুখোপাধ্যায় কে সাধুবাদ জানাতেই হয়। বিষ্ণুপ্রিয়া প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের দাম মাত্র ২০০ টাকা।
বইয়ের নাম : নটনিকেতন
নির্বাচিত পাঁচটি নাটক
সম্পাদনা : সুধাংশু কুমার রায় ও অসীম কুমার মুখোপাধ্যায়
প্রকাশক : বিষ্ণুপ্রিয়া প্রকাশনী
দাম : ২০০ টাকা

Comments
Post a Comment