সাড়ম্বরে উদযাপিত হলো গোবরডাঙ্গা নাট্টায়ণের একদিনের নাট্য উৎসব

 

সংবাদিক ইন্দ্রজিৎ আইচ 

নাট্যচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে গোবরডাঙা নাট্যায়নের উদ্যোগে গত ২ আগস্ট শিল্পায়ণ স্টুডিও থিয়েটার (দীপা ব্রহ্ম মঞ্চ)-এ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল 'গোবরডাঙা নাট্যায়ন নাট্যোৎসব ২০২৬'। সন্ধ্যা জুড়ে নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রেক্ষাগৃহ মুখরিত হয়ে ওঠে। উৎসবের শুভ উদ্বোধন করেন সংস্কার ভারতী, উত্তর ২৪ পরগনার সভানেত্রী শাশ্বতী নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, আশিস দাস, অভীক দাঁ এবং জীবন অধিকারী। তাঁদের বক্তব্যে বাংলা নাট্যচর্চার প্রসার, নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এদিন মঞ্চস্থ হয় তিনটি ভিন্ন স্বাদের নাট্যপ্রযোজনা। কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্যসংস্থার 'পঞ্চমীর চাঁদ' (নির্দেশনা: রাজা দে), গোবরডাঙা নাট্যায়নের 'ভক্তিতে মুক্তি' (নাট্যকার: অরূপ কুমার দাঁ, নির্দেশনা: নারায়ণকুমার বিশ্বাস) এবং টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর 'বিজ্ঞাপন' (পরিচালনা: ইন্দ্রাণী মুখার্জি)।

অভিনয়, নির্দেশনা, আলোক পরিকল্পনা ও সামগ্রিক উপস্থাপনায় প্রতিটি প্রযোজনাই দর্শকদের প্রশংসা কুড়ায় এবং দীর্ঘ করতালিতে বারবার মুখরিত হয় প্রেক্ষাগৃহ। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহায়তায় আয়োজিত এই নাট্যোৎসবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী ও নাট্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রযোজনাগুলির বৈচিত্র্য, সুসংগঠিত আয়োজন এবং আন্তরিক পরিবেশ উৎসবটিকে এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত করে। উল্লেখ্য, গোবরডাঙা নাট্যায়ন গত ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে নাট্যচর্চা, নাট্যোৎসব, কর্মশালা ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে উত্তর ২৪ পরগনার নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবারের নাট্যোৎসবও সেই দীর্ঘ সাংস্কৃতিক অভিযাত্রার আর একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে নাট্যপ্রেমীদের মনে বিশেষ ছাপ রেখে গেল।

Comments

Popular posts from this blog

ICCR হলে " বঙ্গরত্ন সন্মান " পেলেন বিশিষ্ঠ সেতার শিল্পী বাণী মুখোপাধ্যায়

তপন থিয়েটারে মঞ্চস্থ হলো দিল্লি রুম থিয়েটারের নাটক " সূর্য নেই স্বপ্ন আছে " এই নাটক এক কথায় সময় উপযোগী প্রযোজনা

মুক্তির প্রতীক্ষায় সোমনাথ সেন পরিচালিত ছবি পাখির বাসা